বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিয়ে জনগণের ম্যান্ডেট ও গণরায় কেনা যাবে না। জনগণের রায় বাস্তবায়নে বাধা দেওয়া হলে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হতে পারে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, ‘জনতার মিছিল বাড়তে বাড়তে টেকনাফ থেকে যে গণজোয়ার তৈরি হবে, সেই গণস্রোতে সরকার ভেসে যেতে বাধ্য হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জনগণের ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েছেন। দেশের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে আমরা তা মেনে নিয়েছি। কিন্তু যদি ৭০ শতাংশ জনগণের গণভোটের সাথে এভাবে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার ধারাবাহিকতা অব্যাহত রাখেন, আপনাদের পরিণামও ওইসব ফ্যাসিবাদী সরকারের মতো হবে, যারা জনগণের ম্যান্ডেটকে তুড়ি মেরে উড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল।’
তিনি বলেন, ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, আমার ভয় হচ্ছে— বর্তমান সরকার ফ্যাসিবাদী শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ শুরু করেছে। শেখ হাসিনা এ দেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছিলেন। তিনি বলতেন উন্নয়নের গণতন্ত্র। উন্নয়নের গণতন্ত্রের নামে কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর ডামি মার্কা নির্বাচনের সরকার করে উন্নয়নের নামে মেগা প্রজেক্ট এবং মেগা দুর্নীতির মাধ্যমে আমার সোনার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন।
নতুন সরকারের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে নতুন সরকার জনগণকে ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে। আর মনে করছে, এই ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড দিয়েই তারা জনগণের ম্যান্ডেট এবং জনরায়কে কিনে ফেলতে পারবে।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেয়া সম্ভব হয়নি। কার্ডের গণতন্ত্র দিয়ে যদি বাংলাদেশের মানুষের ৭০ শতাংশ জনরায়কে বিভ্রান্ত করার চেষ্টা করেন, সর্বশেষ এ দেশের মানুষ আপনাদের লাল কার্ড দেখাতে বাধ্য হবে।’
চলমান আন্দোলন প্রসঙ্গে আল্লামা মামুনুল হক বলেন, ‘দ্বিতীয় রাউন্ড চলছে। এই বছরের শেষ পর্যন্ত এই দ্বিতীয় রাউন্ড চলবে। আমরা বলছি, আমাদের এই আন্দোলন সরকার পতনের আন্দোলন নয়। আমাদের এই আন্দোলন জনগণের গণরায় বাস্তবায়নের আন্দোলন।’
তিনি সতর্ক করে বলেন, ‘যদি আন্দোলনের সাথে সরকার অসদাচারণ করার চেষ্টা করে, জনগণের ভাষা যদি শেষ পর্যন্ত সরকার বুঝতে ব্যর্থ হয়, জনগণের গণরায় বাস্তবায়নের আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে, ইনশাআল্লাহ।’
আগামী দিনের আন্দোলন ও সংগ্রামে সবাইকে রাজপথে অবস্থান নেয়ার আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।
সময়ের আলো/জেডি