প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ২:৪৭ পিএম
সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করবে ৭ দল। ছবি : সংগৃহীত নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামি দল’ নামের ব্যানারে কাজ করবে কওমি ধারার ৭টি রাজনৈতিক দল। নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই যৌথ রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবে দলগুলো।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বৈঠকটি চলে দুপুর দেড়টা পর্যন্ত।
বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলোও এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হয়ে একসঙ্গে কাজ করবে বলে ঐকমত্যে পৌঁছেছেন নেতারা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে ৭ দলের ঐক্যপ্রক্রিয়া, অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী কর্মপন্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ৭টি দল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়।
এ ছাড়া, পরবর্তী বৈঠক আগামী ৫ ডিসেম্বরে আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন ও মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ সংশ্লিষ্ট দলগুলোর অন্যান্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সময়ের আলো/মহু