কোনো ব্যক্তির কারণে একটি কোম্পানি বন্ধ করে দিলে তার প্রভাব শুধু ওই প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, দেশের অর্থনীতিতেও পড়ে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতি আবেগের ওপর নয়, আইনের ভিত্তিতে পরিচালিত হতে হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
অর্থমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির কারণে একটি কোম্পানি বন্ধ করে দিলে সেখানে কর্মরত অনেক মানুষের চাকরি চলে যাবে। ওই প্রতিষ্ঠানের দায়-দেনা রয়েছে, ঋণ পরিশোধের বিষয় রয়েছে এবং দেশের অর্থনীতিতে তার অবদানও রয়েছে। তাই কোনো ব্যক্তির কারণে একটি কোম্পানি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতি চলতে পারে না।
তিনি বলেন, কোনো কোম্পানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে দেশের অর্থনীতিতে এর প্রভাব কী হবে, তা হিসাব করতে হবে। ‘আবেগের ওপর অর্থনীতি চলে না। আইনের ওপর অর্থনীতি চলতে হবে।’
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে, তাকে জেলে দেওয়া যেতে পারে, এমনকি ফাঁসিও হতে পারে। তবে কোম্পানি একটি স্বতন্ত্র আইনগত সত্তা। তাই ব্যক্তির অপরাধের কারণে কোম্পানির কার্যক্রম বন্ধ করা উচিত নয়।
তিনি বলেন, ‘দ্য কোম্পানি ইজ আ লিগ্যাল বডি, কোম্পানিকে সেপারেট করে… কোম্পানির কার্যক্রম চলতে দিতে হবে, সেটা যে কোম্পানিই হোক।’
সময়ের আলো/এসএকে