বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এ-সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে চাকরি-সংক্রান্ত সার্বিক তথ্যের ভিত্তিতে বিষয়ভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত করা ওই খসড়া তালিকা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
তালিকায় যেসব কর্মকর্তার নামের পাশে মন্তব্য কলামে এসিআর-সংক্রান্ত মন্তব্য রয়েছে, তাদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে উপপরিচালক (কলেজ-১)-এর কাছে সংশ্লিষ্ট মন্তব্যের প্রমাণক পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসিআর ছাড়া অন্য কোনো তথ্যের ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। এর মধ্যে বর্তমান কর্মস্থল, নিয়োগ ও যোগদানের তারিখ, জন্মতারিখ এবং নিজ জেলা-সংক্রান্ত তথ্যের ভুল অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরও খসড়া তালিকায় নাম না থাকলে আবেদনপত্র ও প্রামাণ্য কাগজপত্রসহ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে [email protected] ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ নিয়োগ, যোগদান, বিভাগীয় পরীক্ষা ও বুনিয়াদি প্রশিক্ষণ-সংক্রান্ত তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব তথ্য অধ্যক্ষের মাধ্যমে পিডিএসে অনুমোদন নিশ্চিত করতেও বলা হয়েছে।
সময়ের আলো/কেএইচও