অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সার্জিস আলম। বাঁধনের প্রতি সমর্থন জানিয়ে তাকে নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের কঠোর সমালোচনা করেছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে সার্জিস আলম বলেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত।’ দেশের মানুষের জন্য এবং স্বৈরাচার থেকে মুক্তির আন্দোলনে বাঁধনের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
সারজিসের ভাষ্য, হামলার শিকার হওয়ার পরও বাঁধন হামলাকারীদের ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। এ প্রসঙ্গে তিনি হামলাকারীদের তীব্র সমালোচনা করেন এবং তাদের কর্মকাণ্ডকে মানবিকতা ও বিবেকবোধের পরিপন্থী বলে মন্তব্য করেন।
পোস্টে সারজিস আরও বলেন, এসব ঘটনায় বাঁধনের কষ্ট পাওয়ার কারণ নেই। তার প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না।’ একই সঙ্গে বাঁধনকে আশ্বস্ত করে তিনি লেখেন, ‘আমরা সবাই আপনার সঙ্গে আছি। পুরো বাংলাদেশ আপনার সঙ্গে।’
এর আগে ইতালির ভেনিসে বাঁধন ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন। অভিযোগের বিষয়ে ঘটনার বিস্তারিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনও সামনে আসেনি।