নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনপিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বুধবার সন্ধ্যায় নিবিড় পর্যবেক্ষণের স্বার্থে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে এনপিএ জানায়, মেঘমল্লার বসুর সিটি স্ক্যানসহ অন্যান্য প্রয়োজনীয় ল্যাব পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক। বর্তমানে তার শারীরিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ চলছে এবং প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রয়েছে।
হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন।
মেঘমল্লার বসু সোমবার রাতে ফেসবুক একটি পোস্ট দেন। সেখানে ব্যক্তিগত হতাশা, অপরাধবোধ, পারিবারিক বিষয় ও রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
একইসঙ্গে সাবেক প্রেমিকাকে তার মৃত্যুর জন্য দায়ী না করতে এবং মা ও পরিবারের প্রতি খেয়াল রাখার জন্য বন্ধু ও সহযোদ্ধাদের অনুরোধ জানান।
এই পোস্ট দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তার সন্ধান শুরু করেন। পরে সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সময়ের আলো/ইউএমএইচ