জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি কে এম ইমরুল কায়েশের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মোজাম্মেল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লিটন মিয়া। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল জসিম উদ্দিন।
এর আগে, ২০২৫ সালের অক্টোবরে আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়। তার আগে ঢাকার নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জুলাই আন্দোলনের সময় হামলার অভিযোগে মোজাম্মেল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের দিন রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবরের রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে রুবেল গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেন।
সময়ের আলো/এসএকে