হত্যা মামলা : এবার গ্রেফতার দেখানো হলো কলিমুল্লাহকে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় এবার গ্রেফতার দেখানো হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে।বৃহস্পতিবার

2026-09-10T13:03:54+00:00
2026-09-10T13:03:54+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আইন-আদালত
হত্যা মামলা : এবার গ্রেফতার দেখানো হলো কলিমুল্লাহকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৩ পিএম 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ। সংগৃহীত ছবি
জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় এবার গ্রেফতার দেখানো হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। নাজমুল আহসান কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা গ্রেফতার দেখানোর তথ্য নিশ্চিত করেন।  

গ্রেফতার শুনানিতে আসামিপক্ষে আইনজীবী বলেন, আসামির রাজনৈতিক কোনো পদ নেই, তিনি একজন প্রফেসর, আওয়ামী লীগের আমলেও তিনি গ্রেফতার হয়েছিলেন। তিনি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ বহন করতেন। এটা থেকেই তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।  

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন আসামি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল এবং এই হত্যার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।  

এসময় আদালতের অনুমতি নিয়ে নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, আমি ছাত্রজীবন এবং আমার শিক্ষকতার জীবনে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না এবং এখনও নেই। আমি ভিসি থাকাকালীন সময় তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছি। এতে আমাকে কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, আমি ভিসি থাকাকালীন সময় জুলাই আন্দোলনে শহিদ হওয়া শিক্ষার্থী আবু সাঈদ ভর্তি হয়ে ছিলেন। সাঈদ হত্যা নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং কথা বলেছি। আমি একজন শিক্ষক এর বাইরে আর কিছু না। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।   


গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওইদিনই জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।    

গত ১৪ জুন তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। পরে এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমার সাপেক্ষে জামিননামা দাখিলের অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির। অন্য কোনো মামলা না থাকায় তিনি কারামুক্তির অপেক্ষায় ছিলেন।   

তবে গত ৩০ জুলাই ঢাকার উত্তরা পশ্চিম থানার বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোয় তার মুক্তি আটকে যায়। এরপর সম্প্রতি ওই মামলায় জামিন পান তিনি। 

গত ৭ সেপ্টেম্বর তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন কাফরুল থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখে বৃহস্পতিবার। এদিন শুনানিকালে নাজমুল আহসান কলিমুল্লাহকে আদালতে হাজির করা হয়। 

মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নেন তরিকুল ইসলাম রুবেল। রাত ৮টার দিকে তাদের উপর গুলি ও হামলা করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম রুবেল। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

এনআর/জেডএস

  বিষয়:   হত্যা  মামলা  গ্রেফতার  কলিমুল্লাহ 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: