সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলাম। সংগৃহীত ছবি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অনুসন্ধানে মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীনের নামে ২৩ কোটি টাকার বেশি নিট সম্পদ এবং ৪০টি ব্যাংক হিসাবে এক হাজার ৪৭ কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামেও ১২ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপপরিচালক মো. মোজাম্মিল হোসেন এসব তথ্য জানান।
দুদক জানিয়েছে, অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে দুটি পৃথক মামলার অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম মামলায় মনিরুল ইসলাম, তার স্ত্রী ও সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা এবং শ্যালক রেজাউল আলম শাহীনকে আসামি করার সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় মামলায় তাঁদের পাশাপাশি রেজাউল আলম শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পাকেও আসামি করা হবে।
শ্যালকের ৪০ ব্যাংক হিসাবে হাজার কোটি টাকার লেনদেন
দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, রেজাউল আলম শাহীনের নামে ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকার নিট সম্পদের তথ্য পাওয়া গেছে। তার বৈধ আয়ের সঙ্গে এই সম্পদের সামঞ্জস্য নেই বলে দাবি করেছে সংস্থাটি।
এ ছাড়া ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তার নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ৫২৯ কোটি ৯২ লাখ ৮৮ হাজার ৬২৮ টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ৯১০ টাকা উত্তোলন করা হয়েছে। দুই দিকের লেনদেন মিলিয়ে এসব হিসাবে মোট ১ হাজার ৪৭ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৫৩৮ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
সংস্থাটির ভাষ্য, এসব অর্থের গ্রহণযোগ্য বৈধ উৎস অনুসন্ধানে পাওয়া যায়নি। মনিরুল ইসলাম নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ শ্যালকের নামে সম্পদ গড়তে এবং ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করতে ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে দুদক।
শ্যালকের স্ত্রীর ১২ কোটি টাকার বেশি সম্পদের উৎস অজানা
দুদকের অনুসন্ধানে রেজাউল আলম শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামে ১২ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ৭৬৩ টাকার নিট সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস থেকে অর্জিত সম্পদের পরিমাণ ৬৭ লাখ ১০ হাজার ৭৬১ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
দুদকের হিসাবে, তার নামে থাকা অবশিষ্ট ১২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ২ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।
এ ছাড়া ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত সানজিদা খানম টুম্পার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১০ লাখ ৫৫ হাজার ৭৮৮ টাকা জমা এবং ২৫ কোটি ৫১ লাখ ৯৮ হাজার ৫৫৫ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে মোট লেনদেনের পরিমাণ ৫৮ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৩৪৩ টাকা।
দুদকের অভিযোগ, এসব সম্পদ ও আর্থিক লেনদেনের সঙ্গে মনিরুল ইসলামের কথিত অবৈধ আয়ের যোগসূত্র রয়েছে। আত্মীয়স্বজনের নামে সম্পদ অর্জন ও অর্থের প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা হয়েছে বলেও মনে করছে সংস্থাটি।
যেসব আইনে মামলা
দুদক কর্মকর্তারা জানান, অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর প্রযোজ্য ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
সময়ের আলো/এসকে