প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য ও প্রত্যাশা বাস্তবে রূপ দেয়া সম্ভব হবে।’
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান।
উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটানোর লক্ষ্য নিয়ে এবারের ইনোভেশন ফেয়ারের আয়োজন করা হয়েছে। মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন নিয়ে অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বর্তমান সরকার সর্বোচ্চ অবস্থান থেকে প্রয়োজনীয় চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করবে। এ ক্ষেত্রে উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
৩ দিনব্যাপী এ মেলায় উদ্ভাবক, স্টার্টআপ, উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
সময়ের আলো/মহু