প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ পিএম
ছবি : সংগৃহীত বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সউরির মৃত্যুর ঘটনায় তার বাবার করা হত্যা মামলায় বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দীপের সাত দিনের রিমান্ড আবেদন করবে নৌ-পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। নৌ-পুলিশ জানিয়েছে, আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
তাহসিফের বাবা এনায়েতুল করিম রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলাটি করেন। এতে তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও বন্ধুস্থানীয় ছোটভাই দীপকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে তাকে হেফাজতে নেয় পিবিআই। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআইয়ের একটি দল দীপকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যায়। তুরাগ নদসংলগ্ন বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আশপাশে কী ঘটেছিল, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির কোনো নম্বরপ্লেট ছিল না।
জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সময় কয়েকজন তাদের ধাওয়া করেন। তাদের মধ্যে দুজনের পরনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ছিল বলেও দাবি করেন তিনি। একপর্যায়ে ধাওয়াকারীদের দেখে তাহসিফ দৌড়ে গিয়ে তুরাগ নদে ঝাঁপ দেন। আর দীপ বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পড়েন।
তবে ঘটনার আগে ও পরের সময় নিয়ে দীপের দেওয়া তথ্যে অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। শুক্রবার ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান গণমাধ্যমকে বলেন, দীপ অনেক এলোমেলো তথ্য দিচ্ছেন। সব তথ্য বিশ্বাস করা হচ্ছে না। গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর জানানো হবে।
এদিকে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে দীপকে জিজ্ঞাসাবাদ করতে চায় নৌ-পুলিশ। এ জন্যই তার সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
সময়ের আলো/এসএকে