জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ নিয়ে আলোচনা চলছে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসলামিক বক্তা জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

2026-09-12T20:40:16+00:00
2026-09-12T20:40:16+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ নিয়ে আলোচনা চলছে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম 
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ভারতের ইসলামিক বক্তা জাকির নায়েক। ছবি : সংগৃহীত
ইসলামিক বক্তা জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে আনোয়ার ইব্রাহিম বলেন, জাকির নায়েকের বিষয়টি আলোচনায় এসেছে। তবে দুই দেশের স্বার্থ বিবেচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত প্রকাশ্যে না বলার সিদ্ধান্ত রয়েছে। পারস্পরিক আস্থা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের স্বার্থে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

প্রত্যর্পণের বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সব ক্ষেত্রেই আইনের শাসনকে সম্মান করতে হবে। ভারতের দাবিটি তারা বুঝতে পারছেন, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আইনগত প্রক্রিয়া ও দুই দেশের সম্পর্কের গুরুত্ব বিবেচনায় রাখতে হবে।

জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন।

২০১৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ জাকির নায়েক, তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করে। এরপর তিনি মালয়েশিয়ায় চলে যান এবং পরে দেশটির স্থায়ী বসবাসের অনুমতি পান।


ভারত দীর্ঘদিন ধরে জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। তবে মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ এবং যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হলে এ বিষয়ে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।

এর আগে পর্যাপ্ত প্রমাণ না থাকার কথা উল্লেখ করে জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদনও প্রত্যাখ্যান করেছিল ইন্টারপোল।

জাকির নায়েককে ঘিরে ভারত-মালয়েশিয়ার মধ্যে বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। নতুন করে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে প্রসঙ্গটি ওঠায় তার প্রত্যর্পণ নিয়ে আলোচনা আবারও সামনে এসেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জাকির নায়েক  ভারত  প্রত্যর্পণ  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: