বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে হলে ভারতকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ভালো করতে হলে ভারতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত সবাইকে ফেরত দিতে হবে। আশা করি, ভারত সরকার আমাদের এই সেনসিটিভিটিটা বুঝবে এবং তাদের আমাদের কাছে হস্তান্তর করবে।’
তিনি জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। সেখানে শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে বাংলাদেশের অবস্থানও তুলে ধরা হয়েছে।
জাহেদ উর রহমান আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস বা অন্য কারও প্রতি সরকারের কোনো অনুরাগ কিংবা বিরাগ নেই। গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর সংক্রান্ত মামলায় সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। বিষয়টি আদালতের এবং মামলা নিজস্ব গতিতেই চলবে।
এদিকে ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া বন্ধে ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর আওতায় ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।
সময়ের আলো/এমকে