বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে নজরদারি শুরু হয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি তৈরি হলে পরবর্তী তিন থেকে চার দিনে দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। তবে এখনই এটিকে ঘূর্ণিঝড় হিসেবে নিশ্চিত করা হয়নি এবং এর তীব্রতা ও চূড়ান্ত গতিপথও স্পষ্ট নয়।
১৭ সেপ্টেম্বর উত্তর থাইল্যান্ডের ওপর তৈরি হওয়া উচ্চস্তরের ঘূর্ণাবর্তটি ইতোমধ্যে উত্তর আন্দামান সাগরের দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।
আবহাওয়া মডেলগুলোতেও ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের দিকে বঙ্গোপসাগরে একটি দুর্বল ঘূর্ণাবর্তের সম্ভাবনা দেখানো হয়েছে। তবে পূর্বাভাসে পরিবর্তন আসছে নিয়মিত। তাই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অর্নব’ হলেও সেটি আদৌ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাত, দমকা হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওডিশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে কোনো ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়নি।
সময়ের আলো/এমকে