প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম
ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির । ছবি : সংগৃহীতবাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার। এর অংশ হিসেবে ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেটিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠকে এ আমন্ত্রণ জানান তিনি। বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ।
এ সময় বাংলাদেশের জ্বালানি অনুসন্ধান খাতে বিনিয়োগের জন্য ব্রুনাইকে আহ্বান জানান হুমায়ুন কবির। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) কাঠামোর মাধ্যমে এ বিনিয়োগের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতেও ব্রুনাইয়ের বিনিয়োগ কামনা করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আরও দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠাতে বাংলাদেশের প্রস্তুতির কথাও তুলে ধরেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
জবাবে ব্রুনাইয়ের মন্ত্রী দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি দেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ধারা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি।
সময়ের আলো/এসকে