সরকারের ব্যর্থতার কথা কোটি মানুষের কাছে পৌঁছে দিতে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকার বিশ্বাসঘাতকতা করেছেন বলেও জানান তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোডের পথসভায় এসব মন্তব্য করেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘সরকার জনদুর্ভোগ দূর করতে না পেরে ব্যর্থ হয়েছে, এই লংমার্চে আমরা সেই বিশ্বাসঘাতকতার কথা, ব্যর্থতার কথা কোটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’
উত্তরবঙ্গের বাঁচা-মরার সমস্যা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে সরকারের দ্বিধা-দ্বন্দ্ব করছে বলে উল্লেখ করেন গোলাম পরওয়ার। সরকারের এই বিলম্বের তীব্র নিন্দা করে তিস্তা পাড়ের মানুষের মুক্তির জন্য অবিলম্বে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে লংমার্চ সফল করার আহ্বান জানান তিনি।
এদিকে পথসভায় জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, ‘আজকে আট দফা দাবিতে আমরা রাস্তায় নেমেছি, জনগণের জন্য জনগণের প্রয়োজনে আট দফা যে কোনো সময় একদফায় পরিণত হতে পারে। আমরা দাবি আদায় করে ঘরে ফিরব।’
সময়ের আলো/জেকিউএফ