বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সম্মাননা অনুষ্ঠানে ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ বই উপহার দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের দেওয়া বক্তব্যেরও তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে তওবা করার আহ্বান জানিয়েছে সংগঠনের আমির শায়খুল হাদিস আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির শায়খুল হাদিস আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এসব প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, ৯৫ শতাংশ মুসলমানের দেশে বিশ্বজয়ী কোরআনের হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার উদ্যোগ প্রশংসনীয়। তবে এমন একটি পবিত্র ও গৌরবোজ্জ্বল আয়োজনে ইউভাল নোয়াহ হারারির মতো লেখকের বই উপহার হিসেবে দেওয়া দুঃখজনক ও অনভিপ্রেত। তাদের দাবি, এতে মুসলমানদের ইমানি অনুভূতিতে চরম আঘাত লেগেছে।
হেফাজত নেতারা বলেন, পবিত্র কোরআনে সমকামিতাকে ঘোরতর অপরাধ ও সীমালঙ্ঘন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের ভাষ্য, ইউভাল নোয়াহ হারারির চিন্তাধারা ও তার বইয়ের বিষয়বস্তু ইসলামি আকিদা, আখলাক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
এ ঘটনায় প্রধানমন্ত্রীর অগোচরে দায়িত্বশীল কর্মকর্তাদের অবহেলা ছিল কি না, অথবা এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না— তা দ্রুত তদন্তের দাবি জানান তারা। একই সঙ্গে হাফেজদের কাছ থেকে বইটি প্রত্যাহার করে সেখানে উপযুক্ত ইসলামি ঐতিহ্যবাহী বই দেওয়ার আহ্বান জানান হেফাজতের দুই নেতা।
এদিকে সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন হেফাজতের আমির ও মহাসচিব। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের ‘কোরআনের আলোকে সংবিধান রচনা করা যেতে পারে, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না’ বক্তব্যের কঠোর সমালোচনা করে তারা বলেন, আইনমন্ত্রীর এই বক্তব্য মুসলমানদের ইমান-আকিদার ওপর মারাত্মক আঘাতস্বরূপ। পবিত্র কোরআন কোনো মানুষের রচিত সাময়িক আইনপত্র নয়; এটি মহান আল্লাহর নাজিলকৃত অনাদি ও চূড়ান্ত সংবিধান।
হেফাজত নেতাদের মতে, আইনমন্ত্রীর এ বক্তব্য মুসলমানদের ইমান-আকিদার ওপর মারাত্মক আঘাত। তারা বলেন, পবিত্র কোরআন কোনো মানুষের তৈরি সাময়িক আইনপত্র নয়; এটি মহান আল্লাহর নাজিলকৃত অনাদি ও চূড়ান্ত সংবিধান। তাদের বক্তব্য অনুযায়ী, মানুষের তৈরি সংবিধান পরিবর্তন ও সংশোধনযোগ্য হলেও আল্লাহর কালাম অপরিবর্তনীয় ও চিরন্তন সত্য।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন ব্যক্তির কাছ থেকে কোরআনের মর্যাদা ও বিধান নিয়ে এমন বক্তব্যকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন তারা। আইনমন্ত্রীকে এ বিষয়ে জাতির সামনে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি বক্তব্য প্রত্যাহার ও তওবা করার আহ্বান জানান হেফাজতের দুই শীর্ষ নেতা।
বিবৃতিতে তারা আরও বলেন, ইমান, ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধে আঘাত করে— এমন যেকোনো আচরণের বিরুদ্ধে দেশের তাওহিদি জনতা সবসময় সোচ্চার থাকবে।
সময়ের আলো/জেডি