জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, অতীতে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, ইতিহাসে তাদের পরিণতি হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেছেন, ক্ষমতা ছাড়ার পথ তাকেই ঠিক করতে হবে— হেলিকপ্টারে করে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রংপুর জেলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছর তারা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। বিএনপি তখন তাদের সঙ্গে ছিল। তবে বিএনপি সরকারে এসে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, অতীতে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের স্থান হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা ছাড়ার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, এরশাদ সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। তারেক রহমানকেও কীভাবে ক্ষমতা থেকে যাবেন, সেই পথ নিজেকেই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
লংমার্চের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, রংপুরে যুক্ত হয়েছে লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনার দাবি।
তার দাবি, লংমার্চের পক্ষে জনসমর্থন ঠেকাতে গত রাত থেকে বিভিন্ন স্থানে ১১ দলীয় ঐক্যের ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে। এ কাজে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশনও যুক্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে ব্যানার-ফেস্টুন সরিয়ে লংমার্চের গণজোয়ার বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন নাহিদ।
তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের দাবি বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত সব দাবি এক দফায় পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।
একই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলের আট দফা কোনো একক দলের দাবি নয়, এটি জনগণের দাবি। দাবি পূরণ না হলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সময়ের আলো/আতা