প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:২৬ এএম
ছবি : সংগৃহীত শ্রমিকদের ওপর পুলিশি নিপীড়ন বন্ধ, গ্রেফতারদের মুক্তি ও আলোচনার মাধ্যমে সংকট সমাধান করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার সিপিবির উদ্যোগে রাজধানীর পল্টন মোড়ে গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধির সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান। সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে ও গার্মেন্ট শ্রমিক নেতা সাদেকুর রহমান শামীমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান মাহাবুব আলম, গার্মেন্টস শ্রমিক নেতা মন্টু ঘোষ।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতায় পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি অত্যন্ত যৌক্তিক। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত গার্মেন্ট শিল্পের শ্রমিকরা তাদের শ্রম ও ঘামে এই শিল্পকে সচল রেখেছেন। অথচ তাদের জীবনযাপন, খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ন্যূনতম ব্যয় নির্বাহের মতো মজুরি নিশ্চিত করা হচ্ছে না। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সাড়া না দিয়ে বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। রাজধানীর মিরপুরসহ আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি হামলা, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটেছে। শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষা করে তাদের ওপর নির্যাতন চালিয়ে শিল্পাঞ্চলে শান্তি ও উৎপাদনের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।
মাহাবুব আলম বলেন, সরকার মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের একটি প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু একদিকে মজুরি বোর্ড গঠন অন্যদিকে শ্রমিকদের আন্দোলনে পুলিশি বলপ্রয়োগ পরস্পরবিরোধী।
মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শুরু ও সম্পন্ন করতে হবে। শ্রমিক প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে আলোচনার মাধ্যমে ন্যায্য ও বাস্তবসম্মত মজুরি নির্ধারণ করতে হবে।
সমাবেশ গার্মেন্ট শ্রমিক নেতা মন্টু ঘোষ বলেন, শ্রমিকের ন্যায্য মজুরির দাবি কোনো অপরাধ নয়। শান্তিপূর্ণ আন্দোলন ও সংগঠিত হওয়ার অধিকার শ্রমিকদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। শ্রমিকদের বিরুদ্ধে দমন-পীড়ন, হয়রানিমূলক মামলা ও গ্রেফতার বন্ধ করতে হবে।
সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের ওপর পুলিশি হামলা ও বলপ্রয়োগ বন্ধ, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃত শ্রমিকদের অবিলম্বে মুক্তি, চাকরিচ্যুতি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ এবং দ্রুত মজুরি বোর্ডের কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।
সময়ের আলো/প্রিন্ট/জেডি