আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় ছিল বিসিবির : আসিফ আকবর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একসময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকিতে ছিল বলে দাবি করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

2026-11-02T20:52:38+00:00
2026-11-02T20:52:38+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
রাজনীতি
আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় ছিল বিসিবির : আসিফ আকবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একসময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকিতে ছিল বলে দাবি করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তার ভাষ্য, তৎকালীন বিসিবি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনার একপর্যায়ে বিষয়টি সালিশি প্রক্রিয়ায় (আরবিট্রেশন) গড়ায়। তখন আইসিসির এক প্রতিনিধি বাংলাদেশকে নিষিদ্ধ করার আশঙ্কার কথা জানিয়েছিলেন। তবে দেশের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ বিবেচনায় তারা আর কোনো পদক্ষেপ নেননি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ আকবর। এ সময় বিসিবির বর্তমান কার্যক্রম, বোর্ড নির্বাচন, ক্রীড়া মন্ত্রণালয়ের ভূমিকা এবং দেশের ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও দুর্নীতি নিয়েও সমালোচনা করেন তিনি।

আসিফ আকবর জানান, বিসিবির সঙ্গে আইসিসির বৈঠকে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে দুজন প্রতিনিধি এসেছিলেন। আলোচনার একপর্যায়ে বিষয়টি সালিশি প্রক্রিয়ায় গড়ায়। সেখানে জিম্বাবুয়ের প্রতিনিধি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছিলেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চারজনের একটি প্রতিনিধিদল রেডিসন হোটেলে ছিলাম। জিম্বাবুয়ে থেকে আসা প্রতিনিধি তখন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন, যখন জিম্বাবুয়ে নিষিদ্ধ হয়েছিল। তিনি আমাদের সতর্ক করেছিলেন। আমরা দেখলাম, জিম্বাবুয়ের মতো বাংলাদেশও একই পরিণতির দিকে যাচ্ছে। দুই বছর বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ থাকলে দেশের ক্রিকেট কোনোভাবেই বাঁচবে না। তাই দেশের ক্রিকেটের স্বার্থে আমরা চুপ থাকাই শ্রেয় মনে করেছি।’

বিসিবির তৎকালীন বোর্ড গঠন নিয়েও অভিযোগ তোলেন এই সংগীতশিল্পী। তার দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সহযোগিতায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বোর্ড গঠন করা হয়েছিল। এ ক্ষেত্রে মন্ত্রীদের ক্ষমতার অপব্যবহার এবং আঞ্চলিক প্রভাব কাজে লাগানো হয়।

বর্তমান বিসিবির কার্যক্রমের সমালোচনা করে আসিফ বলেন, তারা দেড় মাস দায়িত্বে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করেছিলেন। অথচ এখন নতুন করে বিপিএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার মতে, বর্তমান বোর্ডের সক্ষমতার ঘাটতি রয়েছে। বিসিবিকে খেলাধুলার কেন্দ্র হিসেবে গড়ে তোলার বদলে আড্ডার জায়গায় পরিণত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আইন করে দিয়ে এসেছিলাম, পাঁচ লাখ টাকার বেশি কোনো অর্থ উত্তোলন করতে হলে টেন্ডার প্রক্রিয়ায় যেতে হবে। অথচ কোটি কোটি টাকার কাজ টেন্ডার প্রক্রিয়ার বাইরে করা হচ্ছে। টার্ফ জোন তৈরি হচ্ছে, ফ্যান লাগানো হচ্ছে, কিন্তু মূল খেলার খবর নেই।’

বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকেই এখনো স্বীকৃতি দেন বলে জানান আসিফ। তিনি বলেন, ‘আমরা এখনো আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সভাপতি মনে করি এবং বৈধ ক্রিকেট বোর্ড হিসেবে বোর্ড সভাও করেছি।’


বক্তব্যে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক লেজুড়বৃত্তির বিরোধিতা করেন আসিফ আকবর। ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সকে কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন হিসেবে কাজ না করে স্বাধীনভাবে ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আসিফ বলেন, ‘অঙ্গসংগঠন হওয়াতে আমার আপত্তি নেই। কিন্তু লেজুড়বৃত্তি যেন না করে। অঙ্গসংগঠন আর লেজুড়বৃত্তিক সংগঠন এক বিষয় নয়। জাতীয় স্বার্থে এবং বাংলাদেশের ভবিষ্যৎ খেলাধুলার স্বার্থে এই সংগঠনকে স্বাধীনভাবে কাজ করতে হবে।’

দেশে কিশোর গ্যাং ও মাদকাসক্তির বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংগীতশিল্পী। তার মতে, খেলার মাঠের সংকট, ক্রীড়া ব্যবস্থাপনার দুর্বলতা, প্রশাসনে দুর্নীতি ও দলীয়করণের কারণে অনেক তরুণ অপরাধে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের খেলাধুলার সুযোগ তৈরি করার ওপরও গুরুত্ব দেন তিনি।

ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সকে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে প্রথম টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেন আসিফ। তার ভাষ্য, তাদের মধ্যেও ভালো খেলোয়াড় থাকতে পারে। একইভাবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে ফেরা তরুণদের নিয়েও টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে। এতে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি হবে।

আসিফের মতে, দেশের ভবিষ্যৎ প্রজন্ম নানা দিক থেকে ঝুঁকির মধ্যে রয়েছে। তাই খেলাধুলাকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম উপায় হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যে রাজনৈতিক দলই খেলাধুলার উন্নয়নে কাজ করুক, দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তাদের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত। ক্রীড়াঙ্গনে দলীয় স্বার্থের পরিবর্তে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আইসিসি  নিষেধাজ্ঞা  বিসিবি  আসিফ আকবর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: