প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:১৫ এএম আপডেট: ০২.১১.২০২৬ ৫:২৪ এএম
ছবি : সংগৃহীত দীর্ঘ সময় জামায়াতের ছত্রছায়ায় থাকলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চারাগাছ থেকে পরগাছায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান লেখেন, একটি জনসভায় ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে ‘বেইমান’ আখ্যা দিয়েছেন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘ঠিক’ বলে চিৎকার করে তাকে সমর্থন জানান।
রাশেদ খানের ভাষ্য, এমন ঘটনার পর নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ এনসিপির নেতাকর্মীদের ন্যূনতম সাহস থাকলে এর প্রতিকার না হওয়া পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কোনো বৈঠক বা সমাবেশে তাদের অংশ নেওয়া উচিত নয়।
তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সেই শক্তি আছে কি না, নাকি তারা জামায়াতের কাছে আটটি আসনের বিনিময়ে নিজেদের পুরোপুরি সঁপে দিয়েছেন, তা দেখার বিষয়।
এনসিপির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করে রাশেদ খান বলেন, তারা চান এনসিপি চারাগাছ থেকে বটবৃক্ষে পরিণত হোক। কিন্তু দীর্ঘদিন জামায়াতের ছত্রচ্ছায়ায় থাকলে দলটি পরগাছায় পরিণত হবে এবং বটবৃক্ষ হয়ে ওঠার সুযোগ হারাবে।
আটটি আসন পাওয়াকে এনসিপি সবচেয়ে বড় সুযোগ মনে করলে ভবিষ্যতে আসনসংখ্যা ৮০ বা ১৫০ ছাড়ানোর সম্ভাবনা তৈরি হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এনসিপি শেষ পর্যন্ত আরেকটি খণ্ডবিখণ্ড জাসদে পরিণত হতে পারে।
সময়ের আলো/এসএকে