বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকা ও অবদানের প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে তার কর্মকাণ্ড ব্যাপক প্রশংসিত হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর চীন সফর সফল করতে বিদায়ী রাষ্ট্রদূতের ইতিবাচক অবদানের জন্য কৃতজ্ঞ বোধ করি।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্বকালে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। এ সময়ে প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ সংলাপসহ বেশ কয়েকটি প্রাতিষ্ঠানিক যোগাযোগব্যবস্থা চালু হতে যাচ্ছে।”
জবাবে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর ৯ মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীন ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
এসময় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।
তিনি আরও জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। ওই মন্ত্রীর বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।
সাক্ষাতে হুমায়ূন কবির ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে তাদের আবারও দেখা হবে। বাংলাদেশে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দায়িত্ব পালন করায় তিনি আনন্দিত বলেও উল্লেখ করেন।
সময়ের আলো/মহু