‘আমাকে স্পিকার ডেকেছেন, দেখা করেছি’

রাজনীতি

‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি’—জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এমন কথা বলেছেন বিএনপির

2026-10-01T16:00:55+00:00
2026-10-01T16:00:55+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘আমাকে স্পিকার ডেকেছেন, দেখা করেছি’
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:০০ পিএম 
ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি : সংগৃহীত
‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি’—জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এমন কথা বলেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে দুইটার দিকে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে যান মিষ্টি। সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে স্পিকারের সঙ্গে কথা বলেন তিনি। পরে সরাসরি সংসদ ভবন থেকে বেরিয়ে যান।

বের হওয়ার সময় সংসদ ভবনের টানেলে সাংবাদিকেরা তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

স্পিকারের সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে মিষ্টি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’

এ সময় সাংবাদিকেরা জানতে চান, তিনি পদত্যাগ করেছেন কি না। প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত চলে যান মিষ্টি। পরে গাড়িতে ওঠার সময় সাংবাদিকেরা আবার তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি।’

পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি বলেন, ‘তদন্ত হোক।’ আর পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’

তবে পরে বিভিন্ন প্রতিবেদনে স্পিকারের কাছে মিষ্টির পদত্যাগপত্র জমা দেওয়ার তথ্য প্রকাশিত হয়।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, বুধবার রাতে মিষ্টিকে দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল।

বিএনপি ও সরকারের সূত্রগুলোর ভাষ্য, রাড্ডার ঘটনা নিয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। হামলা, ভাঙচুর ও লুটপাটে কারা জড়িত ছিলেন, তাঁদের রাজনৈতিক পরিচয় এবং নেপথ্যে কারা ভূমিকা রেখেছেন—এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে বলে এর আগে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছিলেন, নিরপেক্ষ তদন্ত চলছে এবং কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্রের ভাষ্য, রাড্ডার ঘটনাটি দলের শীর্ষ পর্যায় থেকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া, লুটপাট ও জমি দখলের অভিযোগের সঙ্গে দলের নেতা-কর্মীদের নাম আসায় বিষয়টি নিয়ে সরকার বিব্রত। ঘটনার সঙ্গে মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর তার ভূমিকা ও রাজনৈতিক দায় নিয়েও আলোচনা শুরু হয়।

এ পরিস্থিতিতে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সংসদ সদস্যের বিষয়ে কঠোর সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছিল সংশ্লিষ্ট সূত্র।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   স্পিকার  মিষ্টি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: