অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামীদের মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টনের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।সিলগালা

2026-10-02T13:08:44+00:00
2026-10-02T13:13:15+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামীদের মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:০৮ পিএম  আপডেট: ০২.১০.২০২৬ ১:১৩ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টনের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সিলগালা করা প্রতিষ্ঠানটির নাম ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’। বৃহস্পতিবার (১ অক্টোবর) অভিযান পরিচালনার তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। গত ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি মালয়েশিয়াগামী ১৪ জনের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট দিয়েছে। তবে এসব স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিল না।

এ ছাড়া একই ভবনে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’-এর সাইনবোর্ডের পাশাপাশি ‘সামিহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে আরেকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করার প্রমাণও পাওয়া যায়। মন্ত্রণালয়ের ভাষ্য, এভাবে সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালানো হচ্ছিল।

জনস্বার্থ এবং বৈদেশিক কর্মসংস্থান খাতে শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ করে দেয়। পরে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।


এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে যেকোনো ধরনের অনিয়ম, প্রতারণা ও অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণার সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ভুয়া বা প্রতারণামূলকভাবে বিদেশগামী কর্মীদের মেডিকেল রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের স্বার্থরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অনুমোদন  মালয়েশিয়া  মেডিকেল  ডায়াগনস্টিক সেন্টার  সিলগালা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: