ধর্ম ও বিশ্বাসকে ঘিরে আধুনিক সময়ের নানা প্রশ্ন, সংশয় ও বিতর্কের জবাব নিয়ে প্রকাশিত হয়েছে ১২ খণ্ডের গ্রন্থমালা ‘তাহাফুতুল মালাহিদা’। ড. মুফতী ইয়াসির নাদীম আল-ওয়াজেদীর রচিত এ গ্রন্থমালার বাংলা অনুবাদ করেছেন সাদিক শাহরিয়ার।
প্রায় ২ হাজার ৮০০ পৃষ্ঠার এই গ্রন্থমালায় নাস্তিক্যবাদ, বিবর্তনবাদ, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ধর্মতত্ত্ব ও আধুনিক লিবারেল চিন্তাধারাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।
গ্রন্থটির মূল লক্ষ্য আধুনিক নাস্তিক্যবাদ ও ধর্মীয় সংশয়বাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া। এতে ইমাম গাজালি (রহ.)-এর ‘তাহাফুতুল ফালাসিফা’ এর বুদ্ধিবৃত্তিক ধারাকে অনুসরণ করে জ্ঞানতত্ত্ব, ধর্মতত্ত্ব, বিজ্ঞান ও ইতিহাসের বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয়েছে।
অনুবাদক সাদিক শাহরিয়ার বলেন, আধুনিকতার মোড়কে ও নাস্তিকতার সমন্বয়ে সে সমস্ত ফেতনাগুলো মুসলিম উম্মাহের ওপর এসেছে সেটার মোকাবিলায় আমাদের কী ধরনের অ্যাপ্রোস করা উচিত সে বিষয়গুলো এ সিরিজে উঠে এসেছে।’
গ্রন্থমালার প্রথম দিকের খণ্ডগুলোতে পশ্চিমা সভ্যতা, রেনেসাঁ, রিফরমেশন, হিউম্যানিজম ও সেক্যুলারিজমের বিকাশের ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি জ্ঞান ও সত্যের ধারণা, ইন্দ্রিয়, যুক্তি, সাক্ষ্য এবং ওহির জ্ঞানতাত্ত্বিক অবস্থান নিয়েও রয়েছে বিস্তারিত আলোচনা।
শুধু দর্শন বা নাস্তিক্যবাদ নয়, কুরআনকে ঘিরে আধুনিক সময়ের বিভিন্ন প্রশ্নও আলোচিত হয়েছে বইগুলোতে। কুরআনের ইতিহাস, ওহি, সংকলন ও সংরক্ষণ, রসম, কিরাআত এবং সাত হরফ নিয়েও পৃথক আলোচনা রয়েছে।
সমকালীন সামাজিক ও রাজনৈতিক বিতর্কের বিভিন্ন বিষয়ও স্থান পেয়েছে গ্রন্থমালায়। লিবারেলিজম, নারীবাদ, নারীর অধিকার, ট্রান্সজেন্ডারবাদ, সমকামিতা ও পরিবার, গণতন্ত্র এবং সেক্যুলারিজম নিয়ে পৃথক আলোচনা করা হয়েছে। নারীর অধিকার ও নারীবাদী মতাদর্শের পার্থক্য এবং আধুনিক গণতন্ত্র ও ইসলামী রাজনৈতিক ধারণার মৌলিক পার্থক্যও বিশ্লেষণ করা হয়েছে।
বর্তমানে ঢাকার বায়তুল মোকাররমের ইসলামী বইমেলায় নাশাত পাবলিকেশনের স্টলে পাওয়া যাচ্ছে ‘তাহাফুতুল মালাহিদা’। এ ছাড়া বাংলাবাজারে নাশাত পাবলিকেশনের আউটলেট এবং অনলাইনেও বইটি সংগ্রহ করা যাচ্ছে।
সময়ের আলো/জেডি