যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (৬ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসার আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দেওয়া জরুরি। এসব তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারেন আবেদনকারী।
এর আগে ভিসা সাক্ষাৎকারে অতীত বা বর্তমানের কোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য গোপন না করার পরামর্শ দিয়েছিল দূতাবাস। এ ধরনের বিষয়ে সাক্ষাৎকারে সম্পূর্ণ সত্য তথ্য দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীতের অভিবাসন আইন লঙ্ঘনের ইতিহাস সম্পর্কে অবগত থাকেন। তাই সাক্ষাৎকারে অসত্য তথ্য দেওয়া বা কোনো তথ্য গোপনের চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হওয়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।
ভিসা আবেদন বা সাক্ষাৎকারে আগের ভিসা প্রত্যাখ্যান, অনুমোদিত সময়ের বেশি অবস্থান (ওভারস্টে) কিংবা অভিবাসনসংক্রান্ত অন্য কোনো জটিলতার তথ্য গোপন করা আবেদনকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তাঁরা।
সময়ের আলো/এসএকে