দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডওয়াইফের (১০ম গ্রেড) শূন্য পদে ৯১৪ জনকে সরাসরি নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে পিএসসিতে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের ১৪ সেপ্টেম্বরের স্মারক নম্বর-৩০৫৫-এর পরিপ্রেক্ষিতে মিডওয়াইফ পদে নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
অধিদফতরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডওয়াইফ (১০ম গ্রেড) পদে বিদ্যমান শূন্যপদ রয়েছে ১ হাজার ১৫টি। এসব শূন্যপদের মধ্যে ১০ শতাংশ পদ সংরক্ষণ করে ৯১৪ টি পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে পিএসসির নির্ধারিত রিকুইজিশন ফরম, পদ বিন্যাস ও চেকলিস্ট যথাযথভাবে পূরণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে এসব প্রস্তাব পর্যালোচনা করে ৯১৪টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য পিএসসিকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।
সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে মিডওয়াইফের শূন্য পদ পূরণ হলে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় জনবল সংকট কিছুটা কমতে পারে।
বিশেষ করে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রসবকালীন সেবা, গর্ভকালীন পরিচর্যা এবং প্রসব-পরবর্তী সেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন পিএসসির পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এসব পদে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
সময়ের আলো/কেএইচও