দক্ষিণ যুবদলের নেতৃত্বের আলোচনায় জবির আসলাম

জবি প্রতিনিধি

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্ভাব্য নতুন সভাপতি হিসেবে আলোচনায় এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলামের নাম।

2026-10-10T01:50:15+00:00
2026-10-10T01:50:15+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
রাজনীতি
দক্ষিণ যুবদলের নেতৃত্বের আলোচনায় জবির আসলাম
জবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৫০ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্ভাব্য নতুন সভাপতি হিসেবে আলোচনায় এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলামের নাম। দীর্ঘদিনের ছাত্ররাজনীতি, প্রতিকূল পরিস্থিতিতে সাংগঠনিক ভূমিকা এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয়তার কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে তাঁকে নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

দলীয় সূত্র জানায়, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে বিভিন্ন ইউনিটের নেতৃত্ব নিয়েও আলোচনা চলছে। গত ৯ মে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের মতবিনিময় হয়। এর ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্ভাব্য নেতৃত্ব নিয়েও আলোচনা চলছে।

২০০৪-০৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হন আসাদুজ্জামান আসলাম। ২০২২ সালের জুলাইয়ে ছয় বছর পর ঘোষিত জবি ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটিতে তিনি সভাপতি হন। তিন মাস পর ঘোষিত ২৮৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হয়।

ছাত্ররাজনীতির পাশাপাশি টিউশনি করে নিজের পড়াশোনা ও জীবনযাত্রার খরচ চালাতেন আসলাম। জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক তাঁকে ভদ্র, মানবিক ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন ছাত্রনেতা হিসেবে মূল্যায়ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনও তাঁর মেধা, বিনয় ও রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেছেন।

আসলামের রাজনৈতিক জীবনে হামলা-মামলা ও আহত হওয়ার একাধিক ঘটনা রয়েছে বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, ২০০৬ সালে জবি ক্যাম্পাসে হামলা, ২০১১ সালে হরতালে পা ভেঙে যাওয়া, ২০১৭ সালে বকশীবাজার আদালত এলাকায় আহত হওয়া এবং ২০২৩ সালের রাজনৈতিক কর্মসূচিতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তাঁর রাজনৈতিক জীবনের অংশ। আসলাম জানিয়েছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে আহত হওয়ার কারণে তাঁকে একাধিক অস্ত্রোপচার করাতে হয়েছে; এখনো চিকিৎসা চলছে।


সম্ভাব্য নতুন দায়িত্বের বিষয়ে আসলাম বলেন, “আমি পদকে লক্ষ্য হিসেবে দেখি না। সংগঠনের জন্য কাজ করাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।” দায়িত্ব পেলে তরুণদের সংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার কথা জানান তিনি।

আসলাম বলেন, “এখন দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যদি আমাকে কোনো দায়িত্ব দেওয়ার উপযুক্ত মনে করে, তাহলে আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি পদে শেষ পর্যন্ত কে দায়িত্ব পাবেন, তা নির্ধারণ করবে দলীয় সিদ্ধান্ত। ফলে আলোচনায় থাকলেও আসলামের দায়িত্ব পাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   যুবদল  নেতৃত্ব  জবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: