কুমিল্লার চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ মো. মনির (৩০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
রোববার (১১ অক্টোবর) উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে। আটক মনির আলকরা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে। রোববার সন্ধ্যার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মনির প্রবাসে থাকার সময় নোয়াইজ্জা গ্রামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরকীয়ার সূত্র ধরে ওই নারীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন তিনি। সম্প্রতি দেশে আসেন মো. মনির।
রোববার সকালে প্রেমিকার গ্রামে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ মো. মনিরকে আটক করে থানায় নিয়ে যায়।
এসআই আবুল কালাম বলেন, স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে মনিরকে আটক করে থানায় আনা হয়। অবৈধ অস্ত্র বহনের দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
সময়ের আলো/আতা