প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম আপডেট: ২৯.১১.২০২৬ ৩:০৮ পিএম

গোপালগঞ্জে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) গ্রাহক সেবা বন্ধ রয়েছে । ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) গ্রাহক সেবা বন্ধ রয়েছে । ছবি : সংগৃহীত গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে এসব হিসাব বন্ধ করা হয়েছে। এতে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) গ্রাহকেরা টাকা পাঠানো ও উত্তোলন করতে পারছেন না। হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পর্যালোচনার পর এসব হিসাব বন্ধের উদ্যোগ নেওয়া হয়। তবে, কত দিনের জন্য হিসাবগুলো বন্ধ রাখা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ দিকে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকার গ্রাহকদের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এরপর থেকে অনেক গ্রাহক প্রয়োজনীয় লেনদেন করতে পারছেন না। বিশেষ করে জরুরি প্রয়োজনে টাকা পাঠানো ও নগদ অর্থ উত্তোলন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন তারা।
রোববার (২৯ নভেম্বর) সকালেও জেলার বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টগুলোতে একই চিত্র দেখা গেছে। লেনদেন বন্ধ থাকার বার্তা পেয়ে টাকা তুলতে কিংবা পাঠাতে আসা অনেক গ্রাহককে ফিরে যেতে হয়েছে। এতে দৈনন্দিন লেনদেনের পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমেও সমস্যা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও।
সময়ের আলো/এসকে