প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:১৮ পিএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিলক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় ছিদ্দিক মাঝিসহ আটজনের বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরী উপজেলার চরলরেন্স উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতে স্থানীয় একটি প্রভাবশালী দলের এক নেতা নিজেই ‘রহস্য উদঘাটনের’ উদ্যোগ নেন। আইনের এখতিয়ারভুক্ত বিষয়ে একটি রাজনৈতিক দলের নেতার এমন কর্মকাণ্ডে এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চরলরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরকারি পুকুরপাড় এলাকায় মেয়েকে বাড়িতে রেখে জীবিকার তাগিদে বাইরে কাজে যেতেন মা পারভিন বেগম। এই সুযোগে দীর্ঘদিন ধরে টাকা-পয়সাসহ নানা প্রলোভন দেখিয়ে মেয়েটিকে পর্যায়ক্রমে আটজন ধর্ষণ করে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন, হৃদয়, ছিদ্দিক মাঝি, আলামিন, আলাউদ্দিন, আলাদ্দ, আজাদ মাঝি, জামাল ও আরিফ।
ভুক্তভোগীর মা পারভিন বেগমের দাবি, মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত আলাউদ্দিন ওষুধের মাধ্যমে গর্ভপাত ঘটানোর জন্য ৫ হাজার টাকা দেয়। একই সঙ্গে গর্ভপাত না করালে এবং ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। উপায়ান্তর না দেখে ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত করাতে বাধ্য হয় ওই কিশোরী।
এদিকে শনিবার (২৮ নভেম্বর) ওই প্রভাবশালী দলের নেতা ও তার সহযোগীরা এলাকায় মহড়া দিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে এবং প্রকৃত অপরাধীদের আড়াল করে এক বৃদ্ধকে দায়ী সাজিয়ে ‘রহস্য উদঘাটনের’ নাটক সাজান বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় অপরাধীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। এছাড়া ওই নেতার ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
অন্যদিকে, আর্থিক অসচ্ছলতা ও অসহায়ত্বের কারণে মেয়ের পক্ষে এখনো থানায় লিখিত অভিযোগ করতে পারেননি মা পারভিন বেগম। সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন।
এছাড়া অসহায় (স্কুলছাত্রীর) পরিবারকে মামলামোকদ্দমা না করতে ভয়ে রেখেছে প্রভাবশালী নেতা।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই