অস্ট্রেলিয়া সফরে জয়ের দেখা পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্রিসবেনে বাংলাদেশের ১৭২ রানের জবাবে এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ও মুর্শিদা খাতুন দ্রুত ফিরে গেলে ১৮ রানেই ৩ উইকেট হারায় দল। আগের ম্যাচে সেঞ্চুরি করা সোবহানা মোস্তারিও এদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ২৪ বলে মাত্র ৯ রান করে ফেরেন তিনি। বাংলাদেশের প্রথম চারটি উইকেটই তুলে নিয়ে সফরকারীদের চাপে রাখেন অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট।
এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের ৫৪ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করে বাংলাদেশ। শারমিন ৯৩ বলে ৫০ রান করে ফিরে গেলেও লড়াই চালিয়ে যান স্বর্ণা। ৭১ বলের ইনিংসে চারটি চারের সাহায্যে ৫৪ রান করেন তিনি, যা তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ সংগ্রহ। আট ও নয় নম্বরে ব্যাট করতে নেমে রাবেয়া খান ও দিশা বিশ্বাস করেন ১৩ রান করে। ওয়ানডেতে অভিষেক হওয়া দিশা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
তবে স্বর্ণা-শারমিনের প্রচেষ্টা বড় সংগ্রহের জন্য যথেষ্ট ছিল না। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন শুট। ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে পাঁচটি মেডেনসহ চার উইকেট নেন তিনি। অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলে গার্ডনার পান দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে জর্জিয়া ভোল ও বেথ মুনিকে হারালেও অস্ট্রেলিয়ার জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশি বোলাররা। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন পেরি ও সাদারল্যান্ড। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে দ্রুত লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। পেরি ৬৪ বলে আটটি চারে অপরাজিত ৬৫ রান করেন। অন্যপ্রান্তে সাদারল্যান্ড মাত্র ৫২ বলে ১২টি চারের সাহায্যে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এর আগে সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে নয় উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে সোবহানা মোস্তারির ১১৮ রানের ইনিংসও বাংলাদেশকে হার থেকে বাঁচাতে পারেনি। শেষ ম্যাচেও ব্যাটিংয়ের দুর্বলতা ও প্রতিপক্ষের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। তিন ম্যাচের সিরিজে কোনো জয় না পাওয়ায় অস্ট্রেলিয়া সফর শেষ হলো হতাশায়।
সময়ের আলো/প্রিন্ট/আতা