আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দলীয় সাফল্য না এলেও ব্যক্তিগত অর্জনে এগিয়ে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন কুমার দাস ও হাসান মাহমুদ। আইসিসির সবশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় লিটন এবং বোলারদের তালিকায় হাসানের অবস্থানের উন্নতি হয়েছে। অন্যদিকে পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৫৫ রান করেন লিটন। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে ৫৩ রান, পরের ইনিংসে খেলেন ১০২ রানের ইনিংস। এই ধারাবাহিকতায় টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ অগ্রসর হয়ে যৌথভাবে ২৯ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬১০। তবে শান্ত ও মুশফিকের অবস্থান এক ধাপ করে নেমেছে। ১০ ধাপ উন্নতি করে ৯২তম স্থানে উঠেছেন তানজিদ তামিম।
বল হাতে বাংলাদেশের হয়ে আলোচনায় হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করে দেশের প্রথম পেসার হিসেবে ইতিহাস গড়েন। ম্যাচে প্রথম ইনিংসে পাঁচটি এবং দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নিয়ে র্যাঙ্কিংয়েও বড় অগ্রগতি হয়েছে তার। সাত ধাপ এগিয়ে এখন ৩৮তম স্থানে রয়েছেন হাসান। বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে ২২তম হয়েছেন। ১১ ধাপের উন্নতিতে এবাদত হোসেনের অবস্থান ৬৭তম। তবে তাইজুল ইসলাম তিন ধাপ পিছিয়ে ১৮ নম্বরে নেমেছেন।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার এক ধাপ এগিয়ে চতুর্থ হয়েছেন। সিমন হারমার পাঁচ ধাপ উন্নতি করে যৌথভাবে ২৩তম স্থানে উঠেছেন।
সময়ের আলো/প্রিন্ট/আতা