রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসক ইসরাত জাহান অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট রেহেনুমা তারান্নুমকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।
তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন— পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ঘটনায় নিহত আসাদুলের বাবা ঠান্ডা আকন্দ বাদী হয়ে বুধবার ৯ জনের নামে থানায় মামলা করেন। পরে পৌর নির্বাহী কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, স্থানীয় সরকারের আওতায় পীরগঞ্জ পৌরসভায় প্রায় চার কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে পৌর ভবন নির্মাণ কাজ করছে ভিশন ২০২০ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
মঙ্গলবার বিকেলে ভবনটির ফটকের ছাদ ঢালাইয়ের সময় সাটারিং ভেঙে ছাদ ধসে ঘটনাস্থলেই শ্রমিক আসাদুল আনন্দ (২৬) ও সিহাব মিয়া (২২) কংক্রিটের নিচে চাপা পড়ে নিহত হন। এ সময় শ্রমিক বাবলা মিয়া (৩০), সেলিম মিয়া (৩০), নয়ন মিয়া (২৪) ও লিটন মিয়া (২৮) আহত হন।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, জোড়া-তালির বাঁশ ও কাঠ ব্যবহার করে ছাদ ঢালাইয়ের কাজ করায় ছাদ ধসে এ হতাহতের ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক সময়ের আলোকে বলেন, নিহত শ্রমিক আসাদুলের বাবা ঠান্ডা আকন্দ মামলা করেছেন। এজাহার নামীয় আসামি পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রহীম প্রামানিককে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এমকে