প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:৪১ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ১২:৪২ পিএম
রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগ্রহীত সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশ স্বাধীন করেছে। এবার সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়ার কাজ করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে—এটাই হওয়া উচিত সবার প্রত্যাশা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
১২ তারিখের নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। সমাজের প্রতিটি শ্রেণির মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এ ছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণির ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি শ্রেণির খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে সরকার কাজ করছে। দেশের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি আনন্দ ও উৎসবের সময়। এ উৎসবকে সামনে রেখে সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন তিনি।
সময়ের আলো/জোই