প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পিএম
ছবি : সংগৃহীতদীর্ঘ বিরতি ও আইনি জটিলতার পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) লটারি। সাবেক ট্রাম্প প্রশাসনের এই কর্মসূচি বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলায় গত ১৯ অক্টোবর একটি মার্কিন ফেডারেল আদালত ডিভি লটারি পুনরায় চালুর পক্ষে রায় দিয়েছেন বলে জানিয়েছে প্রভাবশালী সাময়িকী ফোর্বস।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ডিভি লটারির নতুন সময়সূচি সামনে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে কর্মসূচির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ এবং ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণের জন্য মূল পোর্টাল চালুর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আবেদন নিবন্ধন কার্যক্রম অন্তত ৩০ দিন চালু রাখার নির্দেশনা রয়েছে। এ ছাড়া ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত আবেদনকারীদের চূড়ান্ত নোটিশ বা ফলাফল জানানোর কথা বলা হয়েছে।
তবে এবার বাংলাদেশের নাগরিকেরা ডিভি লটারিতে আবেদনের সুযোগ পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে বাংলাদেশ ডিভি লটারির জন্য অযোগ্য দেশের তালিকায় রয়েছে। মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, বিগত পাঁচ বছরে কোনো দেশ থেকে ৫০ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অভিবাসী হলে সাধারণত সেই দেশকে ডিভি লটারির তালিকা থেকে বাদ রাখা হয়। ডিভি-২০২৬-এর নির্দেশনায়ও অযোগ্য দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম ছিল।
এই কর্মসূচির আওতায় প্রতিবছর বিশ্বজুড়ে সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা দেওয়া হয়ে থাকে। ফলে ডিভি লটারি চালু হলে আগ্রহী আবেদনকারীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হতে পারে।
এদিকে, ডিভি লটারিতে আবেদন করতে আগ্রহীদের ভুয়া ওয়েবসাইট ও দালাল চক্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আনুষ্ঠানিক নির্দেশনা ভালোভাবে পড়ে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, ডিভি লটারিতে আবেদন বিনামূল্যে করা যায়। তাই অর্থের বিনিময়ে লটারিতে বিজয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিভি লটারি-সংক্রান্ত হালনাগাদ তথ্য ও নিবন্ধনের জন্য যুক্তরাষ্ট্রের সরকারের নির্ধারিত ওয়েবসাইট dvprogram.state.gov।
সময়ের আলো/এসএকে