আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস আজ

সময়ের আলো ডেস্ক

বিবিধ

তোতলামি কেবল কথা বলার সমস্যা নয়, এটি মানুষের যোগাযোগের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। কথা বলার সময় শব্দ বা শব্দাংশ বারবার

2026-10-22T12:09:05+00:00
2026-10-22T12:09:05+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
বিবিধ
আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম 
সংগৃহীত ছবি
তোতলামি কেবল কথা বলার সমস্যা নয়, এটি মানুষের যোগাযোগের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। কথা বলার সময় শব্দ বা শব্দাংশ বারবার উচ্চারণ করা, শব্দ টেনে বলা কিংবা হঠাৎ আটকে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় এ সমস্যায়। তোতলামি সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ ২২ অক্টোবর পালিত হচ্ছে আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস।

স্টাটারিং হেল্প অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে মাইকেল সুগারম্যানের উদ্যোগে দিবসটি পালনের সূচনা হয়। তোতলামি নিয়ে জনসচেতনতা তৈরি, এ বিষয়ে গবেষণায় উৎসাহ দেওয়া এবং আক্রান্ত ব্যক্তিদের সহায়তা নিশ্চিত করা দিবসটির অন্যতম লক্ষ্য।

বিশেষজ্ঞদের মতে, তোতলামির পেছনে একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে বংশগত বৈশিষ্ট্য, শিশুর বিকাশের ধরন এবং মস্তিষ্কে কথা ও ভাষা প্রক্রিয়াকরণের পার্থক্য। যুক্তরাষ্ট্রের তোতলামি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এ সমস্যায় আক্রান্ত প্রায় ৬০ শতাংশ মানুষের পরিবারের অন্য সদস্যেরও তোতলামির ইতিহাস রয়েছে।

বিশ্বজুড়ে ৮ কোটির বেশি মানুষ তোতলামির সমস্যায় ভুগছেন, যা মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ। শুধু যুক্তরাষ্ট্রেই এ সংখ্যা ৩০ লাখের বেশি। নারীদের তুলনায় পুরুষদের মধ্যে তোতলামির প্রবণতা প্রায় চার গুণ বেশি।

শিশুদের মধ্যেও এ সমস্যা দেখা যায়। প্রায় ৫ শতাংশ শিশু জীবনের কোনো এক পর্যায়ে অন্তত ছয় মাস তোতলামির সমস্যায় ভোগে। তাদের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ পরবর্তী শৈশবে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে। তবে প্রায় এক শতাংশের ক্ষেত্রে সমস্যাটি দীর্ঘস্থায়ী হতে পারে।


তোতলামি মানেই মানসিক বা আবেগজনিত সমস্যা নয়। শিশু কিংবা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তোতলামির সঙ্গে মানসিক জটিলতার সরাসরি সম্পর্ক রয়েছে, এমন প্রমাণ নেই। একইভাবে মানসিক আঘাতকেও তোতলামির সরাসরি কারণ হিসেবে বিবেচনা করা হয় না।

শিশুর কথা বলার সময় তোতলামির লক্ষণ দেখা দিলে শুরু থেকেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সমস্যা তিন থেকে ছয় মাসের বেশি স্থায়ী হলে কিংবা শুরু থেকেই বেশি মাত্রায় দেখা দিলে বাক্‌ ও ভাষা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। উপযুক্ত বাক্‌চিকিৎসার মাধ্যমে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্করাও কথা বলার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করতে পারেন।

তোতলামি সম্পর্কে সচেতনতা বাড়ানো, আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা, শিশুদের দ্রুত সহায়তা নিশ্চিত করা এবং এ বিষয়ে গবেষণাকে উৎসাহিত করাই আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবসের মূল উদ্দেশ্য।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আন্তর্জাতিক  তোতলামি সচেতনতা দিবস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: