প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত‘আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই’ বলে নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতিতে সর্বোচ্চ শক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গত জাতীয় নির্বাচনে ভোট রক্ষা করতে না পারার আক্ষেপ তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিলেও তা রক্ষা করতে পারেননি তারা। এ নিয়ে পর্যালোচনা হয়েছে। ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি এড়াতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ‘সিটি করপোরেশনে যাদের প্রার্থী করা হয়েছে, তাদের মধ্যে আল্লাহর দেওয়া জ্ঞানের বড় নিয়ামত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না। দেশ কারা পরিচালনা করবে, তা জনগণই ঠিক করবে।’
সমাজ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘বসে বসে আর তামাশা দেখা হবে না। সংগতভাবেই প্রতিবাদ করা হবে এবং যেখানে সামর্থ্য থাকবে, সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জনে কাজ করতে হবে।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
সম্মেলনে ডা. শফিকুর রহমান ঢাকা মহানগরী উত্তর জামায়াতের তৈরি ‘নাগরিক সেবা’ অ্যাপ উদ্বোধন করেন। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।
এদিন ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে প্রায় ১ হাজার ৩০০ রুকন ভোট দেন।
সময়ের আলো/এমকে