প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম
নিরাপত্তার উদ্বেগ জানিয়ে ডিভাইসগুলো এখনো তদন্ত সংস্থার হাতে দেয়নি বাদীপক্ষ। ছবি : সংগৃহীতজামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে করা মামলার তদন্ত আট মাসের বেশি সময়েও শেষ হয়নি। তদন্তের স্বার্থে তার ব্যবহৃত মুঠোফোনসহ সংশ্লিষ্ট ডিভাইস চেয়ে অন্তত তিনবার চিঠি দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে নিরাপত্তার উদ্বেগ জানিয়ে ডিভাইসগুলো এখনো তদন্ত সংস্থার হাতে দেয়নি বাদীপক্ষ।
ঢাকা মহানগর ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ ইউনিট মামলাটি তদন্ত করছে। আদালতের অনুমতি নিয়ে ডিভাইস জব্দ করে ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় আলামত না পাওয়ায় তদন্তের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি।
ডিবির অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম বলেন, আদালতের অনুমতি নিয়ে বাদীপক্ষের কাছে অন্তত তিনবার চিঠি দিয়ে ডিভাইস ও তথ্য চাওয়া হয়েছে। তবে সেগুলো এখনো পাওয়া যায়নি।
অন্যদিকে মামলার বাদী মো. সিরাজুল ইসলাম বলেছেন, তারা ডিভাইস দিতে অস্বীকৃতি জানাননি। তবে ডিভাইসের নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে। নিজেদের উপস্থিতিতে পরীক্ষা করার বিষয়েও ডিবির সঙ্গে আলোচনা হয়েছে।
এদিকে মামলার অন্যতম আসামি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের মুঠোফোন, ল্যাপটপ ও ডেস্কটপ জব্দ করে পরীক্ষা করেছে ডিবি। পরে সেগুলো ফেরত দেওয়া হলেও ফরেনসিক প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। ছরওয়ারে আলম শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।
তিনি বলেন, ‘তারা তো বিরোধীদলীয় নেতা। তারা তদন্তে সহযোগিতা না করলে আমার তো এভাবেই ঝুলে থাকতে হবে। আমি সুবিচার চাই। সঠিক তদন্ত হলে আমি সুবিচার পাব।’
গত ৩১ জানুয়ারি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত একটি পোস্ট প্রকাশের পর ব্যাপক সমালোচনা হয়। জামায়াতের দাবি, সরকারি মেইল ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাক করে পোস্টটি দেওয়া হয়েছিল। এ ঘটনায় করা মামলায় ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আগামী ৩ নভেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। তবে বাদীপক্ষের ডিভাইস ও এক্স কর্তৃপক্ষের তথ্য না পাওয়ায় তদন্তে এখনো অগ্রগতি স্পষ্ট নয়।
সময়ের আলো/এমকে