প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:২৩ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ১০:০৩ এএম
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সময়ের আলো মাদককে দেশের উন্নয়নের অন্যতম প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে হবে। যথাযথ দিকনির্দেশনা ও উন্নত প্রশিক্ষণ পেলে তরুণেরাই আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, প্রতিটি চিন্তা ও কাজের শুরুতেই দেশকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শিশু-কিশোর ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে ‘নতুন কুঁড়ি’ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করা হয়েছে।
সন্তানদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক চর্চায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী। তাঁর মতে, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশেই সহায়তা করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৫৯টি ইভেন্টে দেশের ৭৯টি দলের প্রায় ১ হাজার ৬০০ প্রতিযোগী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন মন্ত্রী।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহিদ পারভেজ চৌধুরী, সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহাদজা আলম। এ সময় ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই