প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২২ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ১:২৩ পিএম
জাবি ক্যাম্পাসে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। ছবি : সময়ের আলো শীতের আগমনী বার্তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি, যা অতিথি পাখি হিসেবেও পরিচিত। এসব পাখির নিরাপদ বিচরণ ও আবাসস্থল নিশ্চিত করতে ১০টি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনায় পাখিদের বিরক্ত না করা, জলাশয়ের পরিবেশ সুরক্ষা এবং উচ্চ শব্দ সৃষ্টি থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত মৌসুমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখির আগমন ঘটে। পাখিদের অবাধ বিচরণ নিশ্চিত করতে এসব জলাশয়কে নিরাপদ আবাসস্থল ও অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। এ পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের পাখি পর্যবেক্ষণের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং, জলাশয়ে মাছ ধরা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া কিংবা উচ্চ শব্দ সৃষ্টি করা যাবে না।
এ ছাড়া পাখিদের ভয় দেখানো বা বিরক্ত করা থেকে বিরত থাকতে হবে। জলাশয়ে পানির বোতল, পলিথিনসহ কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না। এসব নির্দেশনা মেনে চলার মাধ্যমে পাখিদের নিরাপদ বিচরণক্ষেত্র ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাখিদের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে প্রশাসন।
অতিথি পাখি রক্ষায় ১০ নির্দেশনা
ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। পাখি পর্যবেক্ষণের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং করা যাবে না। জলাশয়ে মাছ ধরা যাবে না। ঢোল বাজানো থেকে বিরত থাকতে হবে। পটকা ফোটানো যাবে না। হাততালি দেওয়া যাবে না। জলাশয়ের আশপাশে উচ্চ শব্দ সৃষ্টি করা যাবে না। পাখিদের ভয় দেখানো বা বিরক্ত করা যাবে না। জলাশয়ে পানির বোতল, পলিথিনসহ কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না।
সময়ের আলো/জোই