সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির। ছবি : সংগৃহীতসৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর সেবার মান উন্নয়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আধুনিকায়ন পরিকল্পনা কমিটির সামনে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির কক্ষে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।
বৈঠকে সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরচ্ছেদের ঘটনা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চায় সংসদীয় কমিটি। জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
কমিটি এ ঘটনায় পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর ঘটনার বিস্তারিত বিবরণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের বর্তমান পরিস্থিতি, মিশনগুলোর প্রধান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়।
এ ছাড়া সৌদি আরবের শ্রমবাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণমূলক সেবা ও হজ কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী এবং সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন। কমিটির বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকের শুরুতে কমিটির দ্বিতীয় সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
এ ছাড়া ১৫৩তম আন্তর্জাতিক আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতি আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান কমিটির সভাপতি।
সম্প্রতি কমিটির সদস্যদের কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্যও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বৈঠকে পররাষ্ট্র সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/ইউএমএইচ