প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম
পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি। সংগৃহীত ছবিস্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে সবুজের বদলে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বজুড়ে অক্টোবর মাসে পালিত ‘পিংকটোবার’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করা, নিয়মিত পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরতেই এই বিশেষ আয়োজন। পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এ রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ করা হচ্ছে।
পাকিস্তান দলের পাশাপাশি এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকাররা। স্তন ক্যানসারে আক্রান্ত এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্রতি সমর্থন জানাতে তারা গোলাপি ফিতা পরেছেন। ম্যাচের স্টাম্পেও ব্যবহার করা হয়েছে গোলাপি রং। এ ছাড়া স্টেডিয়ামে সচেতনতামূলক গ্রাফিকস প্রদর্শনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও প্রচারণা চালানো হয়েছে।
পিসিবির বাণিজ্যিক বিভাগের পরিচালক আলী আদনান জাইদি বলেন, ক্রিকেটের মাধ্যমে লাখো মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এই জনপ্রিয় খেলাকে কাজে লাগিয়ে স্তন ক্যানসার সম্পর্কে কার্যকর সচেতনতা তৈরি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে চায় বোর্ড।
স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরিতে ক্রিকেটে গোলাপি রং ব্যবহারের নজির রয়েছে। দক্ষিণ আফ্রিকা প্রতিবছর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আয়োজন করে ‘পিংক ডে’ ওয়ানডে ম্যাচ। এদিন গোলাপি জার্সি পরে মাঠে নামে স্বাগতিক দল।
দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক বছরগুলোর পিংক ডে ম্যাচও আলোচনায় এসেছে। ২০২৪ সালের ম্যাচে পাকিস্তান ৩৬ রানে জয় পায়। এর আগে ২০২১ সালের ম্যাচে ফখর জামানের ১৯৩ রানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও ১৭ রানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজেও একই ধরনের গোলাপি দিবসের আয়োজন করেছিল পাকিস্তান।
ক্যানসার সচেতনতা ও আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় অস্ট্রেলিয়াতেও আয়োজন করা হয় ‘পিংক টেস্ট’। দেশটির গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুমে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচের মাধ্যমে সাবেক অস্ট্রেলীয় পেসার গ্লেন ম্যাকগ্রা ও তার স্ত্রী জেন ম্যাকগ্রার প্রতিষ্ঠিত ম্যাকগ্রা ফাউন্ডেশনের কার্যক্রমে সমর্থন জানানো হয়।
ম্যাকগ্রা ফাউন্ডেশন ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের সেবা ও সহায়তা দেওয়ার জন্য কাজ করে।
ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাকে ব্যবহার করে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর বার্তাই এসব আয়োজনের মূল উদ্দেশ্য।
সময়ের আলো/ইউএমএইচ