
জুলাই-পরবর্তী বাংলাদেশে স্বাধীনতাবিরোধী শক্তির তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এসব কর্মকাণ্ড বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তির আস্ফালন দেখার জন্য অতীতে লড়াই-সংগ্রাম করা হয়নি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নুর।
নুর বলেন, যারা জুলাইয়ের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে বাধা দেয়, তাদের এমন কর্মকাণ্ড দেশকে অসভ্যতার দিকে ঠেলে দিচ্ছে। নিজেদের স্বাধীনতাবিরোধী পরিচয় আড়াল করতেই একটি পক্ষ এ ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, গুপ্ত সংগঠনগুলো দেশের অগ্রগতি চায় না। জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তাঁদের দলকে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব প্রচেষ্টা সফল হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন নুর।
তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে গণঅধিকার পরিষদ জাতিকে পথ দেখাবে। এ সময় স্বাধীনতাবিরোধী শক্তির তৎপরতা বন্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সময়ের আলো/এসকে/টিকে