প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৪:৩৭ পিএম
সংগৃহীত ছবি মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তাইজুল ইসলামকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবচর উপজেলা শাখা। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ হাওলাদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের নিলখী ইউনিয়ন শাখার তাইজুল ইসলামের বিরুদ্ধে নৈতিকতাবিবর্জিত কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি উপজেলা শাখার নজরে আসার পর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং অভিযোগ পর্যালোচনার স্বার্থে তাকে উপজেলা শাখার অধীন সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতাকে সংগঠন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা যথাযথ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়। তাইজুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
শিবচর উপজেলা জামায়াতের আমির মো. সরোয়ার হোসেন মৃধা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হতে তাদের কাছে আসেন। নিলখী ইউনিয়ন উপজেলা সদর থেকে বেশ দূরে হওয়ায় তাইজুল ইসলামকে জামায়াতের দাওয়াত ও প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দায়িত্ব পালন করায় স্থানীয়রা তাকে ইউনিয়নের সভাপতি হিসেবে মনে করতেন।
তিনি আরও বলেন, অভিযোগের বিষয়টি জানার পরই তাইজুল ইসলামকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে তাইজুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এর পরদিন সোমবার (২৬ অক্টোবর) থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তার কথিত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে তাইজুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ফেসবুক আইডিতে সংশ্লিষ্ট নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন বলে জানা গেছে। ভিডিওটির সত্যতা এবং ঘটনাটির প্রকৃত প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সময়ের আলো/এসকে