প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৩০ এএম
সংগৃহীত ছবিভারতের পদুচেরি উপকূলে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ধীরে ধীরে এগোচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে এটি উপকূল অতিক্রম করতে শুরু করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আঘাত হানার পর এর গতি আরও কমতে শুরু করেছে। আর এর প্রভাবে বাংলাদেশে যে পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল, তা না–ও হতে পারে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস।
ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি নির্ধারিত সময়ের আগেই দ্রুতগতিতে এগোচ্ছে। ফলে গতকাল দিবাগত রাত দুইটা থেকে আজ ভোর চারটার মধ্যেই এটি স্থলভাগে আঘাত হানতে শুরু করে। আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশের বাপাতলা এবং বিশাখাপট্টনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া সর্বশেষ ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে ভোরে ভারতের উপকূলে অর্ণবের আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল।
সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, ঘূর্ণিঝড়টি সমতলে উঠে আসার পরই এর গতি কমতে শুরু করে। এখন এটি খুব ধীরে উপকূল পার হচ্ছে। উপকূল অতিক্রম শেষ করতে অনেকটা সময় লাগতে পারে।
এর আগে আবহাওয়াবিদেরা বাংলাদেশের উপকূল এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অর্ণবের প্রভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছিলেন। এরই মধ্যে দেশের উপকূলীয় কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে যে পরিমাণ বৃষ্টি হবে বলে মনে করা হয়েছিল, তা না–ও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, ঘূর্ণিঝড় অর্ণবের গতি কমেছে। আর এটি উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
সাগরে যখনই কোনো লঘুচাপ সৃষ্টি হয়, তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। আর এর ফলে প্রচণ্ড গরম পড়ে। এবারও তা–ই হয়েছে। গতকাল ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগসহ দেশের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু, এ প্রশ্নের জবাবে তরিফুল নেওয়াজ কবীর বলেন, রাজধানীতে বিকেল অথবা সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে।
এদিকে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব অন্ধ্র প্রদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও ছড়িয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তীব্র দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত দিঘা সমুদ্রসৈকতে বঙ্গোপসাগর ভয়ংকর উত্তাল রূপ ধারণ করেছে এবং সৈকতজুড়ে প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া বইছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থানীয় প্রশাসন ও পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সময়ের আলো/কেএইচও