প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ পিএম
গত রোববার রাতে তেজগাঁওয়ে আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীতদৈনিক আমার দেশ পত্রিকার প্রেস লক্ষ্য করে বোমা নিক্ষেপ এবং সড়কে অবিস্ফোরিত বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সোমবার বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান।
বিবৃতিতে তারা বলেন, সংবাদপত্রের অফিস ও প্রেসে বোমা হামলা স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার ওপর চরম আঘাত ছাড়া কিছু নয়। ফ্যাসিবাদী আমলে বিভিন্ন সংবাদপত্রের অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের শেষ রক্ষা হয়নি। ভবিষ্যতেও সাংবাদিকেরা রাজপথে থেকে এসব ঘটনার মোকাবিলা করবেন।
নেতারা অবিলম্বে এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিএফইউজে ও ডিইউজের নেতারা আশা প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ঘটনার বর্ণনা দিয়ে বিবৃতিতে বলা হয়, গত ২৫ অক্টোবর রোববার রাত আনুমানিক পৌনে ১১টায় তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে আমার দেশের ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের অদূরে আরেকটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। এ ঘটনায় আমার দেশ কর্তৃপক্ষ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ সালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এ ছাড়া তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়ে হাতুড়ি দিয়ে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছিল।
বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের নেতারা বলেন, তারা আশা করেন, ফ্যাসিস্ট আমলের মতো বর্তমান সময়েও গণমাধ্যমের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার পুনরাবৃত্তি ঘটবে না।
সময়ের আলো/জেডআই