প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ পিএম
প্রতীকী ছবিরাজধানীর যাত্রাবাড়ি ধলপুরে দুর্বৃত্তের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসার গেট সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজে ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত মারুফের খালাতো বোন বিথী আক্তার জানান, মা সেলিনা বেগমকে নিয়ে ধলপুর সিটি পল্লীতে থাকতেন। বাবা মৃত আব্দুর রশীদ। ১ বছর আগে মিম নামে এক মেয়ের সাথে বিয়ে হয়। পেশায় মারুফ দয়াগঞ্জে এ্যালুমুনিয়াম পাতিল কারখানায় কাজ করতো। তিন ভাই এক বোনের মধ্যে মারুফ ছিল ছোট।
বিথী আরও জানান, সন্ধ্যার দিকে কাজ শেষ করে বাসায় ফিরে। কিছুক্ষণ পর স্ত্রী মিমকে বলেন, বাইরে থেকে আসছি। এরপর লোক মারফত জানতে পারি ওয়াসা গেটে গোলাগুলির ঘটনা ঘটেছে। মারুফের বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে দ্রুত মারুফকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মারুফের এলাকায় কোনো বিরোধ ছিল না। কাজ করে খেত। তবে কে বা কারা গুলি করেছে তা জানাতে পারে নাই স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই যুবকের বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ি থানা পুলিশকে জানানো হয়েছে।
সময়ের আলো/কেএইচও