প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:২৮ পিএম
ছবি : সংগৃহীত বর্তমানে বাসাবাড়িতে গোসলখানার ভেতরেই টয়লেটের ব্যবস্থা থাকে। অনেক ক্ষেত্রে গোসলখানা ও টয়লেটের মাঝখানে কোনো আড়াল থাকে না। তবে টয়লেটের মেঝে গোসলখানার মেঝের চেয়ে কিছুটা উঁচু থাকে। এ ধরনের গোসলখানায় অজু ও গোসল করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন রয়েছে। একই সঙ্গে সেখানে অজু-গোসলের দোয়া মুখে পড়ার বিধান কী, সেটিও জানা প্রয়োজন।
এ ধরনের গোসলখানায় অজু ও গোসল করতে কোনো অসুবিধা নেই। গোসলখানা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে এবং টয়লেট থেকে দুর্গন্ধ না এলে সেখানে অজু ও গোসলের দোয়া মুখে উচ্চারণ করে পড়া যাবে।
তবে গোসলখানায় ময়লা থাকলে বা টয়লেট থেকে দুর্গন্ধ এলে মুখে উচ্চস্বরে দোয়া পড়া থেকে বিরত থাকতে হবে। সে ক্ষেত্রে মনে মনে দোয়া পড়া যেতে পারে।
অন্যদিকে, জায়গাটি যদি গোসলখানা না হয়ে শুধু টয়লেট হয়, তাহলে সেখানে অজু করার সময় দোয়া মুখে উচ্চারণ না করে মনে মনে পড়তে হবে।
সূত্র : কিতাবুল আছার—ইমাম মুহাম্মাদ, বর্ণনা : ২৭৮; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা : ১২৩২; মিরকাতুল মাফাতীহ, ২/৫০; রদ্দুল মুহতার, ২/১৯৪।
সময়ের আলো/এসএকে