প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ২৯.১০.২০২৬ ৪:৪৯ পিএম
ছবি : সংগৃহীত রাজধানীর উত্তরখান-সংলগ্ন তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সউরির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। প্রতিবেদনে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না পাওয়ার কথা উল্লেখ করা হলেও নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া মরদেহের পেট ফোলা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, মরদেহটি তাহসিফের খালাতো ভাই জহির হাসান শনাক্ত করেন। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক ও মুখমণ্ডল গোলাকার ছিল। মুখ ও চোখ বন্ধ অবস্থায় পাওয়া যায়। মুখে ছোট কালো দাড়ি-গোঁফ ছিল। এ ছাড়া তার দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো অবস্থায় ছিল।
প্রতিবেদনে বলা হয়, নাক দিয়ে রক্ত বের হওয়া ছাড়া শরীরের অন্য কোথাও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ছিল এবং দুই হাতের মুষ্টি খোলা অবস্থায় পাওয়া যায়। তবে পেট ফোলা ছিল।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে কে এম তাহসিফ সউরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে কেনাকাটা শেষে বাসায় ফেরেন তাহসিফ। কিছুক্ষণ পর এক সহকর্মীর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হন তিনি। পরদিন ২৮ অক্টোবর ‘আসছি’ লিখে একটি বার্তা পাঠান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে